বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষকের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত দেশের ১০২ জন বিশিষ্ট গুণী শিক্ষককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মানিত প্রতিটি শিক্ষককে পদকের পাশাপাশি নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সংসদীয় কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সম্মাননাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর), ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত গণিতবিদ ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)। চিকিৎসা শিক্ষায় অধ্যাপক ডা. সায়েবা আক্তার ও সাবেক ইএনটি সার্জন অধ্যাপক ডা. এম এ মাজেদ (মরণোত্তর) এবং প্রকৌশলে বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান (মরণোত্তর) পুরস্কৃত হয়েছেন।

এছাড়া ১৯৭৪ সাল থেকে বিনামূল্যে শিক্ষা দেওয়া ‘এক টাকার শিক্ষক’ মো. লুৎফর রহমান এবং ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারীর মতো তৃণমূল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষকরাও এই বিশেষ সম্মাননা লাভ করেন। সংশ্লিষ্ট অধিদপ্তর ও ইউজিসির বিচারক প্যানেলের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এদের চূড়ান্ত করা হয়।

Related Articles

Back to top button