মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক


ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে নাজমুল ইস্তিয়াক (৪১) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মেলিয়েহায় বসবাসকারী ওই বাংলাদেশির বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের মাল্টায় নিয়ে গিয়ে বেতন না দিয়ে মানবপাচার, অর্থপাচার, প্রতারণা, জবরদস্তি এবং নথিসংক্রান্ত অপরাধসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারী সূত্রে জানা যায়, রেস্টুরেন্টে চাকরির লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে ‘আমেরিকান ড্রিম’-এর স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকদের মাল্টায় নিয়ে এসেছিলেন ইস্তিয়াক। চার মাসেরও বেশি সময় ধরে কাজ করা সত্ত্বেও ওই শ্রমিকদের কোনো বেতন দেওয়া হয়নি। এছাড়া রেস্টুরেন্ট দীর্ঘ সময় বন্ধ থাকায় তাদের প্রতিশ্রুত কাজও নিয়মিত ছিল না। প্রতিবাদ করলে এক শ্রমিককে তিন মাস বিনা বেতনে ছুটিতে থাকার ভুয়া নথিতে স্বাক্ষর করার জন্য চাপ দেওয়া হয়।
এখন পর্যন্ত পাঁচজন ভুক্তভোগী ইস্তিয়াকের বিরুদ্ধে প্রতারণা ও শোষণের অভিযোগ করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এই ঘটনায় আরও অনেক অজ্ঞাত ভুক্তভোগী থাকতে পারেন। গ্রেপ্তার অভিযানের সময় ইস্তিয়াক বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপের কথা বললে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে নিজেকে ব্যবসায়ী উদ্যোক্তা দাবি করে ইস্তিয়াক সমস্ত অভিযোগ অস্বীকার করেন। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও প্রসিকিউশন এর তীব্র বিরোধিতা করে জানায়, ভুক্তভোগীরা এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন এবং ইস্তিয়াকের ব্যাপক যোগাযোগের কারণে তিনি সাক্ষীদের প্রভাবিত বা হুমকি দিতে পারেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার সম্পদের ওপর ফ্রিজিং অর্ডার ও ভুক্তভোগীদের সুরক্ষায় একটি আদেশ জারি করেন।




