অবৈধ মদ ও শুল্ক-ভ্যাট ফাঁকি: ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস অনুসন্ধান এবং শুল্ক-ভ্যাট ফাঁকির অভিযোগে ঢাকার চারটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানগুলো হলো— র-ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।


শনিবার (৩ অক্টোবর) বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চারটি দলের নেতৃত্বে এ সাঁড়াশি অভিযান শুরু হয়। এতে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা একযোগে অংশ নেন।

এনবিআর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিভিন্ন বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও শুল্কমুক্ত দোকানে অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও মদজাতীয় পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতেই চার প্রতিষ্ঠানে সমন্বিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর মজুতে থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত চালানের বৈধতা এবং সংশ্লিষ্ট শুল্ক, মূসক ও আয়কর পরিশোধের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

একই সঙ্গে অননুমোদিত ব্যক্তির কাছে এসব পণ্য সরবরাহ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা। অনিয়ম পাওয়া গেলে পণ্য আটকসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Back to top button