আখতারুজ্জামানের গ্রেপ্তার ‘বাড়াবাড়ি’: এবি পার্টি

বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদ করতে গিয়ে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের রূঢ় আচরণ সমর্থনযোগ্য নয় এবং বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে তার আচরণের তারা নিন্দা জানান। তবে এ ধরনের ঘটনায় তড়িঘড়ি করে মামলা দায়ের ও গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটিকে তারা ‘বাড়াবাড়ির চরম মাত্রা’ হিসেবে অভিহিত করেছেন।

এবি পার্টির নেতারা জানান, মদিনা থেকে ঢাকাগামী বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। এছাড়া ট্রলির সংকট, লাগেজ ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতা এবং জমজমের পানি নিয়ে যাত্রীদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। সংসদ সদস্যদের লাগেজ যদি বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে, তবে সাধারণ যাত্রী ও প্রবাসী শ্রমজীবী মানুষের অবস্থা কতটা শোচনীয়, তা সহজেই অনুমেয়। বিমানবন্দরে নিয়মিত লাগেজ বিড়ম্বনা ও অব্যবস্থাপনার অভিযোগগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের ন্যায্য সেবা ও সম্মান নিশ্চিত করতে রাষ্ট্র বরাবরই ব্যর্থ হয়েছে। রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায় কেবল তাদের উপার্জন গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না; বরং দেশে ফেরার মুহূর্ত থেকে তাদের মর্যাদা, নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।

এবি পার্টির নেতারা মেজর (অব.) আখতারুজ্জামান এবং বিমানবন্দরের কর্মকর্তাদের আচরণ ও দায়িত্ব পালনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে কোনো কর্মকর্তার দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তার জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পরিশেষে, গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তির দাবি জানানোর পাশাপাশি বিমানবন্দরের লাগেজ ও যাত্রীসেবা ব্যবস্থাপনায় সামগ্রিক সংস্কারের দাবি জানায় দলটি।

Related Articles

Back to top button