অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঘাটারচর লাবনী পয়েন্টের একটি বাসার তৃতীয় তলায় রবিন নামের এক ব্যক্তি অনলাইনের মাধ্যমে বিক্রির জন্য সুইচ গিয়ার মজুত করে রাখছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য প্রস্তুত রাখা এবং বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন মডেলের ২০০ পিস সুইচ গিয়ার উদ্ধারসহ রবিনকে গ্রেপ্তার করা হয়।

মেজর এম মুবীন রহমান আরও জানান, অনলাইনের মাধ্যমে কেনা এসব দেশীয় অস্ত্র ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করত একটি চক্র। এসব সুইচ গিয়ার অপরাধীদের হাতে পৌঁছালে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার ঝুঁকি ছিল।

গ্রেপ্তারকৃত এস এম রবিন দাবি করেছেন, তিনি রাজধানীর চকবাজার থেকে এসব পণ্য কিনে এনে অনলাইনে বিক্রি করতেন। তবে অস্ত্রগুলো আইনত অবৈধ, সে বিষয়ে তিনি অবহিত ছিলেন না বলে জানিয়েছেন।

Related Articles

Back to top button