১৫ বছর পর কাঞ্চনে নৌকা বাইচ, শীতলক্ষ্যার দুই পাড়ে উৎসবের আমেজ

দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার (৩ অক্টোবর) কাঞ্চন পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে লাখো মানুষের ঢল নামে।

বাহারি রঙের পোশাক পরা মাঝি ও বইঠার ছন্দে মুখরিত শীতলক্ষ্যা নদীর দুই তীর রূপ নেয় মিলনমেলায়। নদীর পাড় ছাড়াও অনেকে নৌকা, ট্রলার ও কাঞ্চন ব্রিজের ওপর দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এবারের প্রতিযোগিতায় স্থানীয়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭টি নৌকা অংশ নেয়। এর মধ্যে এক গ্রুপে ৮টি ছিপ নৌকা এবং অন্য গ্রুপে ৯টি কোসা নৌকা প্রতিদ্বন্দ্বিতা করে।

ছিপ নৌকা প্রতিযোগিতায় মামা ভাগিনা (কেরাবো) প্রথম, শেখ খোকন (দাসেরকান্দি) দ্বিতীয় এবং এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটি (কাঞ্চন) তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে কোসা নৌকা প্রতিযোগিতায় সোহেল রানা (কলাতলি) প্রথম, সাথী (কালাদী) দ্বিতীয় এবং রাসেল এক্সপ্রেস (ছাত্রদল) তৃতীয় হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও খেলার আয়োজক কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করে দর্শনার্থীরা আগামীতেও এই ঐতিহ্যবাহী খেলা অব্যাহত রাখার দাবি জানান।

Related Articles

Back to top button