প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে কেমন আছেন সাজেদা, দেখতে গেলেন ডিসি

বন্যায় স্বাভাবিক জীবন হারানো স্বামীহারা সাজেদা বেগম এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে সন্তানদের নিয়ে বসবাস করছেন। শুক্রবার চট্টগ্রামের বাঁশখালীতে সেই ঘরে তিনি ও তার সন্তানরা কেমন আছেন, তা দেখতে যান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় তিনি কথা বলেন সাজেদা বেগম ও তার সন্তানদের সঙ্গে। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি দেখে সন্তোষ প্রকাশ করে পরিবারের বর্তমান অবস্থা, সন্তানদের পড়াশোনা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজ নেন জেলা প্রশাসক। তিনি জানান, গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী বাঁশখালীতে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত সাজেদা বেগমের হাতে এই ঘরের চাবি তুলে দিয়েছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে দুটি ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, চিড়া, মুড়ি, সয়াবিন তেল, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি। পাশাপাশি সাজেদার পরিবারের জন্য বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাড়িতে একটি গভীর নলকূপ ও একটি পানির ট্যাংক স্থাপন করেছে, যা ঘুরে দেখেন জেলা প্রশাসক।

এ সময় সাজেদা বেগমের এক মেয়ে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং কোথায় ভর্তি হওয়ার পরিকল্পনা করছে তা জানতে চান। সন্তানদের শিক্ষা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও পরিবারটিকে আশ্বস্ত করেন তিনি। পরিদর্শনকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button