জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর

তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজধানীর জিগাতলায় স্থানীয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঢাকা রেসিডেন্সি’ হোস্টেল ভাঙচুরের অভিযোগ করেন স্থানীয়রা।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, চার-পাঁচজনের একটি গ্রুপের একজনের সাইকেল চুরিকে কেন্দ্র করে তারা যাদের সন্দেহ করছিল, তাদের ধরে উগ্র আচরণ শুরু করে। পুলিশ সদস্যদের খবর দেওয়া হলে তারা তাদের আটক করে থানায় নিয়ে যান। পরবর্তীতে কলেজ প্রশাসনের মধ্যস্ততায় তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জিগাতলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙচুর থেকে রক্ষা করতে জিগাতলার গাবতলী মসজিদ সংলগ্ন ঢাকা রেসিডেন্সি হোস্টেল পুলিশ ঘিরে রেখেছে। বর্তমানে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।

ঢাকা কলেজ ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক জানান, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রেসিডেন্সি হোস্টেলের পাশাপাশি কয়েকটি রুমে থাকতেন এবং তাদের মধ্যে একজনের একটি সাইকেল চুরি হয়। ১ তারিখ হওয়ায় তারা হোস্টেল ছেড়ে চলে যাওয়ার সময় ছোট ভাইয়েরা পাওনা টাকা চাইলে তারা টালবাহানা করে। এ নিয়ে ভিডিও করার সময় বিতর্ক ও মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে হল থেকে ৫০-৬০ জন এসে হোস্টেলে ভাঙচুর চালায় এবং দ্বিতীয় দফায় সংঘাতে ২৪ ব্যাচের রিজভী ও আসিফসহ চার-পাঁচজন আহত হন।

Related Articles

Back to top button