‘আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল, তাদের কোনো ঠাঁই হবে না’: সংসদ সদস্য সাঈদ আল নোমান


আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দেশের জনগণ এই স্বৈরাচার ও পতিত গোষ্ঠীকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে এবং বাংলার মাটিতে তাদের আর কোনো ঠাঁই হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল সাগরিকা মোড়ে গিয়ে শেষ হয়।
সাঈদ আল নোমান বলেন, বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং বর্তমানে প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের সেবা ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শ্রমিক ও নারীদের অধিকার রক্ষায় মাঠে থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, রাজনীতি একটি ইবাদত এবং জনগণের স্বস্তি ফিরিয়ে আনাই রাজনীতির মূল উদ্দেশ্য।
একই সাথে দেশের বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিকে নাজুক উল্লেখ করে তা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার এবং মানবিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার তাগিদ দেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে এবং মোশাররফ হোসেন দিপ্তির সঞ্চালনায় সমাবেশে নগর ও বিভাগীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




