‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’: শ্রমিক মজলিসের সমাবেশে বক্তারা

আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা বর্তমানে নতুন সরকারের আশ্রয়ে বিএনপি পরিচয়ে পরিবহন খাতে দুর্নীতি ও চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মাদ আবদুল করিম। চাঁদাবাজদের অনতিবিলম্বে নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আজ শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল করিম বলেন, জুলাইয়ের আন্দোলনের পর সুন্দর বাংলাদেশের প্রত্যাশা থাকলেও বর্তমানে দেশে নব্য ফ্যাসিবাদের সূত্রপাত হচ্ছে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদসহ বিভিন্ন পরিবহনকেন্দ্রে দুর্নীতি ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে, বন্ধ থাকা রাষ্ট্রীয় কলকারখানা চালুর উদ্যোগ নেই এবং শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। একই সঙ্গে জ্বালানি তেলের দাম ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে প্রায় ১০ কোটি শ্রমজীবী মানুষের ওপর নতুন করে চাপ সৃষ্টি করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

দলীয় স্বার্থে প্রশাসন ব্যবহার করে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের চেষ্টা সফল হবে না উল্লেখ করে তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। সমাবেশে শ্রমিক মজলিস, ইসলামী যুব মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ও খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

Related Articles

Back to top button