সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব


সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সাংবাদিকদের হয়রানি বন্ধে গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী এই প্রস্তাবটিকে উপযুক্ত বলে উল্লেখ করেন।
তিনি জানান, আইনটি যাতে নিপীড়নমূলক না হয় এবং এতে যেন কোনো সাংবাদিক ভিকটিমাইজ না হন, সে লক্ষ্যে সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া প্রতিনিধি ও আইটি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। মাহফুজ আনামের প্রস্তাব অনুযায়ী মিডিয়া সুরক্ষায় সেভিং ক্লজ যুক্ত করার বিষয়টি গ্রহণ করা হয়েছে। এছাড়া মামলা বা আপিল নিষ্পত্তিতে একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথা বলা হয়েছে।
প্রস্তাবিত সুপারিশগুলো আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে। ক্যাবিনেট ও সংসদে উত্থাপনের পূর্বে ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে সর্বস্তরের মতামত গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন।




