জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল

জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে এবং সাধারণ মানুষের ওপর তৈরি হওয়া বাড়তি অর্থনৈতিক চাপ কমানোর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জামাল খান মোড় ঘুরে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে জ্বালানি তেলের এই অযৌক্তিক ও বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। এ খাতের অব্যবস্থাপনা ও লুটপাটের দায়ভার সাধারণ জনগণের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, পরিবহন ও কৃষিখাতে যে চরম সংকট সৃষ্টি হয়েছে, তার পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থবিরোধী এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করা না হলে চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাজপথে লাগাতার ও জোরদার গণআন্দোলন গড়ে তোলা হবে।

প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্য সচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, ডা. মোহাম্মদ খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরীসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button