সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, দিলেন শুভেচ্ছাপত্র


সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এমপি সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের উদ্দেশ্যে লেখা একটি অভিনন্দন ও শুভেচ্ছাপত্র বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।
চিঠিতে তিনি বাংলাদেশ ও তার জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার ও সৌদি জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। এতে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক সাধারণ দ্বিপক্ষীয় সম্পর্কের ঊর্ধ্বে—যা গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ আত্মিক টানে প্রতিষ্ঠিত। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণ এবং বিশ্বজুড়ে হজ ও ওমরাহ পালনকারীদের সেবা প্রদানে সৌদি আরবের অনন্য ভূমিকার প্রশংসাও করা হয় এতে। এছাড়া, সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন উল্লেখ করে আগামীতে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে জামায়াত আমির সেখানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিঞা গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।




