শিপ ইয়ার্ডে দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শিপ ইয়ার্ডে আকস্মিক দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে শিপ ইয়ার্ড মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

পুলিশ সুপার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শিপ ইয়ার্ডের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দুর্ঘটনা প্রতিরোধ ও শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইয়ার্ডের নিরাপত্তায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরে মালিকপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় বিএসবিআরএর সভাপতি মো. মহসিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম উদ্দিন, সহ-সভাপতি মো. নুর উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য মো. জাহেদুল হক ও মো. তসলিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন ও সহকারী পুলিশ সুপার মো. আনোয়ারুল আজীম মজুমদারসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে পুলিশ সুপার মাহমুদা বেগম ‘পিএইচপি গ্রিন শিপ ইয়ার্ড’ পরিদর্শন করেন। পরিদর্শকালে তিনি কাটার জন্য রাখা একটি জাহাজসহ ইয়ার্ডের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং খোঁজখবর নেন।

Related Articles

Back to top button