জনগণের সঙ্গে সম্পর্ক নেই বলেই জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলেই সরকার এমন জনবিরোধী সিদ্ধান্ত নিতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশে একলাফে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানো অসাধু চক্রকে সুবিধা দেওয়ার প্রয়াস। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, সরকার যুদ্ধ ও আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে দায়িত্ব এড়াতে চাইছে। সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সংকটকে আরও ঘনীভূত করছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া সমাবেশে রামিসা ও অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে শরিয়াহ আইন বাস্তবায়নের দাবি জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা পূর্বের নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ২০ টাকা বেশি।

Related Articles

Back to top button