ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন


লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট (মূসক) ফাঁকি উদঘাটন করেছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করে।
এনবিআর জানায়, গত ১৭ সেপ্টেম্বর ঢাকার ধামরাইয়ের নবগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রিভেন্টিভ অভিযানে প্রতিষ্ঠানটিতে ব্যাটারি ও কাঁচামালের পাশাপাশি আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন মজুদ অবস্থায় পাওয়া যায়। অভিযানে জব্দকৃত দলিলপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ টাকার বিক্রয় তথ্য গোপন করে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকা এবং ১৫ ২২ লাখ টাকার কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করে ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে।
সব মিলিয়ে ৩ কোটি ২৮ লাখ টাকার বেশি মূসক ফাঁকির বিপরীতে সরকারি পাওনা আদায়ে আইন অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে রাজস্ব বোর্ড।




