হেফাজতে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে এবি পার্টির উদ্বেগ ও নিরপেক্ষ তদন্তের দাবি

রিমান্ড ও কারা হেফাজতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (২০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই দাবি জানান।

বিবৃতিতে এবি পার্টির নেতারা বলেন, হাসপাতালে গাজী তানভীরের শারীরিক অবস্থা দেখে তারা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। তানভীরের অভিযোগ অনুযায়ী, তাকে কারাগারের ফাঁসির সেলে নিয়ে বিদ্যুৎ বন্ধ করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অজ্ঞাত ইনজেকশন প্রয়োগ করা হয়, যার ফলে তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়।

এছাড়া বিচারকের সামনে নির্যাতনের কথা জানালে তাঁর সন্তানদের গুম করার হুমকি দেওয়ার অভিযোগকেও অত্যন্ত ভয়াবহ ও গুরুতর বলে অভিহিত করেন তারা।

নেতৃদ্বয় স্পষ্ট করেন যে, কোনো নাগরিক অপরাধ করলে তার বিচার আদালতে হবে; কিন্তু রাষ্ট্রীয় হেফাজত কোনোভাবেই নির্যাতনের স্থান হতে পারে না। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে শেখ হাসিনা আমলের মতো ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা অবিলম্বে এই ঘটনায় কার নির্দেশে ইনজেকশন দেওয়া হয়েছে তার স্পষ্ট জবাব, পূর্ণাঙ্গ চিকিৎসা নথি পর্যালোচনা, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং একটি স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনের দাবি জানান।

Related Articles

Back to top button