রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

শুক্রবার দিনভর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং রাতে কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

দুপুর থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার এবং রামপুরায় ধারাবাহিক এসব বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

দিনের শুরুতে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের উপর থেকে নিচে একটি ককটেল নিক্ষেপ করা হয় এবং প্রায় একই সময়ে আগারগাঁও বেতার ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ৮টা থেকে ৯টার মধ্যে যাত্রাবাড়ী থানার প্রধান ফটক, বাবুবাজার ব্রিজের নিচের মাজার এবং মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে একে একে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রাত ১১টার দিকে রামপুরা বিটিভি ভবনের সামনের সড়কেও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

এদিকে রাত ১০টার পর কাফরুল থানার ঠিক সামনেই একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। বাসে আগুন লাগার কারণ বা এতে দুর্বৃত্তদের হাত রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কাফরুল থানার পুলিশ।

ধারাবাহিক এসব বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থলগুলো পরিদর্শনের পাশাপাশি তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট থানাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনার পেছনে কারা জড়িত কিংবা ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button