জামালপুরে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে বিজিবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আজ সোমবার (৩১ আগস্ট) ভোরে পরিচালনা করা এক চোরাচালানবিরোধী অভিযানে এসব সার জব্দ করা হয়।

আজ দুপুরে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে পাথরের চর সীমান্ত এলাকা দিয়ে ভারতে সার পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালান। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি এবং ২ বস্তা ডিএপি সারসহ মোট ১৩ বস্তা সার উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সার উদ্ধারের এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক রোধের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অপতৎপরতা বন্ধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button