পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও প্রবীণ তৃণমূল নেতা আশীষ ব্যানার্জির আত্মহত্যা


পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার এবং প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা আশীষ ব্যানার্জি আত্মহত্যা করেছেন।
রোববার (১৬ আগস্ট) বীরভূম জেলার রামপুরহাটের নিজ বাড়ির কাছে অবস্থিত একটি তৃণমূল অফিসে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, যেখানে তিনি উল্লেখ করেছেন যে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পাঁচবারের নির্বাচিত এই বিধায়ক ও প্রবীণ নেতার আকস্মিক মৃত্যুতে পশ্চিমবঙ্গজুড়ে শোক ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।
তৃণমূল নেত্রী ও রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবন ও শিক্ষকতায় কাটিয়ে দেওয়া আশীষ ব্যানার্জিকে শেষ দিনগুলোতে ক্রমাগত রাজনৈতিক শত্রুতা, মিথ্যা অপবাদ ও মানসিক হেনস্তার শিকার হতে হয়েছিল।
সেই অবমাননা ও মানসিক চাপ সহ্য করতে না পেরেই এমন নির্মম পরিণতি হয়েছে বলে মমতা ক্ষোভ ও সমবেদনা প্রকাশ করেন।




