৩১ দফা বাস্তবায়নেই জুলাই, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সফলতা: অর্থমন্ত্রী

৩১ দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলেই জুলাই গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের আসল সার্থকতা মিলবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান ২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, কারাগারে থাকা অবস্থায় হাজার হাজার নেতাকর্মী কঠিন সময় পার করেছেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর কারাগারে পৌঁছানোর পর তৈরি হওয়া পরিস্থিতিতে বন্দিদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘ সময় ধরে জনগণ ভোটাধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক সমতা থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে আমির খসরু বলেন, মানুষের এসব প্রত্যাশা বিবেচনা করেই বিএনপি তাদের ইশতেহার ও ৩১ দফা পরিকল্পনা প্রকাশ করেছে। এতে ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘অর্থনীতির গণতন্ত্রায়ণ’—এই দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থনীতির মূলধারায় গ্রামীণ শিল্পী, কারুশিল্পী ও ক্রীড়াবিদদের যুক্ত করে ‘সৃজনশীল অর্থনীতি’ ও ‘স্পোর্টস ইকোনমি’ গড়ে তোলার ওপর জোর দেন তিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকিং ও আর্থিক খাত মাইনাস অবস্থায় ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যেও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির মতো উদ্যোগ চালু করা হয়েছে। জনগণের সব প্রত্যাশা পূরণ করতে পারলেই জুলাই আন্দোলনের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে বলে তিনি মন্তব্য করেন।

Related Articles

Back to top button