জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর


কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ছবি, ভিডিও ও গানে থাকা দৃশ্যমান জলছাপ সরানোর সুযোগ দিতে যাচ্ছে গুগল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ শুক্রবার জানায়, গুগল জেমিনি, ফ্লো এবং তাদের কয়েকটি এআই মডেলে এই সুবিধা যুক্ত করতে চলেছে।
এর ফলে পেশাদার কাজ ও সৃজনশীল নকশার সুবিধার্থে জেমিনির সেটিংস থেকে দৃশ্যমান জলছাপ চালুর পাশাপাশি বন্ধ করার সুযোগ থাকবে।
তবে দৃশ্যমান জলছাপ সরানোর ব্যবস্থা থাকলেও কনটেন্টটি এআই দিয়ে তৈরি কি না, সেই তথ্য গোপনে সংরক্ষিত থাকবে। জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, গোপন জলছাপ ও পরিচয়সংক্রান্ত তথ্য এতে মুছে যাবে না। গুগলের ‘সিন্থ আইডি’ নামের গোপন প্রযুক্তিটি খালি চোখে দেখা না গেলেও কনটেন্টের ভেতরে যুক্ত থাকবে, যা পরবর্তীতে এটি শনাক্ত করতে সাহায্য করবে।
নতুন এই সুবিধাটি আগামী কয়েক দিনের মধ্যে চালু হতে পারে। এর পাশাপাশি গুগল ‘ক্রেডেনশিও’ নামের একটি নতুন সফটওয়্যার উন্মুক্ত করছে, যার মাধ্যমে নির্মাতারা তাঁদের সফটওয়্যারে স্থানীয়ভাবে এআই কনটেন্ট যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করতে পারবেন। এআই কনটেন্টের সত্যতা নিশ্চিত করার প্রতিযোগিতায় এটি গুগলের একটি বড় পদক্ষেপ।




