মন খারাপ হলে চোখ কাঁদে কেন?


মানসিক চাপ ও মন খারাপের ফলে শরীরে সৃষ্টি হওয়া আবেগিক ও শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার কারণেই চোখে পানি আসে। স্নায়ুতন্ত্র অতিরিক্ত চাপে থাকলে জমা উত্তেজনা থেকে মুক্তি পেতে এবং শরীরকে শান্ত করতে একটি প্রাকৃতিক মাধ্যম হিসেবে কাজ করে কান্না।
মন খারাপ বা অতিরিক্ত চাপে থাকলে শরীরে কর্টিসলের মতো হরমোন নিঃসৃত হয়, যা মস্তিষ্কের আবেগ কেন্দ্রকে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে। এর ফলে সামান্য কারণেও আবেগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। তবে কাঁদতে শুরু করার পর শরীরে অক্সিটোসিন ও এন্ডোরফিনের মতো মেজাজ ভালো করার উপাদান নিঃসৃত হতে থাকে।
এটি প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে উচ্চ-সতর্ক অবস্থা থেকে বের করে আনে, যার ফলে হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস ধীর হয়ে শরীরে স্বস্তি মেলে।
ইমোশন জার্নালে প্রকাশিত ২০২০ সালের একটি গবেষণায় দেখা গেছে, কান্না হরমোনগত পরিবর্তনের চেয়েও বরং ধীর ও স্থির শ্বাস-প্রশ্বাস এবং স্বাভাবিক হৃদস্পন্দনের মাধ্যমে শরীরের মধ্যকার ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা রাখে। অর্থাৎ, মন খারাপের কান্না শরীরের জমে থাকা চাপ দূর করারই এক স্বাভাবিক প্রক্রিয়া।




