ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২


ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনঞ্জয়পুর গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক প্রাধান্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুনরায় সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।




