বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল-মার্কেট বন্ধ রাত ৮টায়, আলোকসজ্জাও নিষিদ্ধ

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।


বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। স্মারকে স্বাক্ষর করেন উপসচিব মো. মামুন ভূঁইয়া। নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল।

চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে। এসব অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানসমূহ এ আদেশের আওতামুক্ত থাকবে।

নতুন এই আদেশ কার্যকর নিশ্চিত করতে সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকোসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং দোকান মালিক সমিতিতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button