হ্যালো ডিসি অ্যাপ: দেশের বাইরে থেকেই ভূমি সমস্যার সেবা পাচ্ছেন প্রবাসীরা


প্রবাসে অবস্থান করেও এখন ঢাকা জেলার ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ঢাকা জেলা প্রশাসন পরিচালিত ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা সরাসরি তাদের অভিযোগ ও আবেদন জানাতে পারছেন।
সম্প্রতি যুক্তরাজ্যপ্রবাসী নাজমুল হোসেনের একটি জমি দখল সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন। ২০১৮ সালে রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদিয়া এলাকায় কেনা তার আড়াই কাঠা জমি দখল হয়ে গেলে, তিনি ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসনে আবেদন করেন। আবেদনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় প্রতিকার পাওয়ার প্রক্রিয়াসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম জানান, প্রবাসীরা দেশের বাইরে থাকায় সরাসরি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে পারেন না। সে বিষয়টি বিবেচনায় রেখেই ‘হ্যালো ডিসি’ সেবাকে সহজলভ্য ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রবাসীরা দেশের বাইরে থেকেও নিজেদের সমস্যা তুলে ধরে আইনগত সমাধানের পথ পেতে পারেন।
এই উদ্যোগের ফলে দেশের বাইরে থেকেও ভূমি, সরকারি সেবা ও নাগরিক সমস্যা সংক্রান্ত বিষয়ে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের একটি কার্যকর সুযোগ তৈরি হয়েছে।




