শান্তি-শৃঙ্খলা রক্ষায় আয়োজিত সভায় যুবদল নেতাকে হাতুড়িপেটা

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আয়োজিত এক মতবিনিময় সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে একই দলের সদস্য সচিব জোয়ারদার শাহ আলম তুফানের বিরুদ্ধে।


এ ঘটনায় তরিকুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে গত বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে, যা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

বাজার কমিটির নেতারা জানান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় বাজার কমিটির আয়োজনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু ওসি পৌঁছানোর আগেই উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ারদার শাহ আলম তুফানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ধারালো দা ও হাতুড়ি নিয়ে সভায় উপস্থিত হন এবং সভা বন্ধের হুমকি দেন। এতে বাধা দিলে তারা উপস্থিত নেতাদের ওপর হামলা চালান।

আহত আহ্বায়ক জিয়াউল হক ফরিদের দাবি, গত সোমবার গঠিত শ্রীকোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি পদ না পেয়ে ক্ষুব্ধ হয়ে তুফান এই পরিকল্পিত হামলা চালিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও জোয়ারদার শাহ আলম তুফানকে পাওয়া যায়নি। শ্রীপুর থানার ওসি ওলি মিয়া এবং মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button