পৃথিবীতে মুমিনের উদাহরণ হলো খনিজ ও গুপ্তধনের মতো

নিউজ ডেস্ক :পৃথিবীতে মুমিনের উদাহরণ হলো খনিজ ও গুপ্তধনের মতো। মুমিনের অন্তরে ঈমানের আলো থাকার কারণে তাঁর সব ভালো বৈশিষ্ট্যকে হাদিস শরিফে রত্নভাণ্ডারের খনির সঙ্গে তুলনা করা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা মানুষকে খনিজ ও গুপ্তধনের ন্যায় দেখতে পাবে। অতএব, যারা জাহেলি যুগে উত্তম ছিল তারা ইসলামেও উত্তম বলে বিবেচিত হবে।যখন তারা দ্বিনি জ্ঞানের অধিকারী হবে। কিংবা তোমরা এ ব্যাপারে অর্থাৎ ইসলামে উত্তম ব্যক্তি দেখতে পাবে, যারা তার পূর্বে চরমভাবে ইসলামকে ঘৃণা করত। আর তোমরা সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে দেখতে পাবে সেসব লোককে, যারা দ্বিমুখী চরিত্রের লোক। এরা এই দলের কাছে একমুখী কথা বলে আবার অন্য এক দলের কাছে আরেক ধরনের রূপ নিয়ে উপস্থিত হয়।’ (মুসলিম, হাদিস : ৬৩৪৮)
অন্য বর্ণনায় নবীকে প্রশ্ন করা হয়েছে, কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বলেন, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্য ভাষী ব্যক্তি। তারা বললেন, সত্য ভাষীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তি কে? তিনি বলেন, সে হলো পূতঃপবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ, যার কোনো গুনাহ নেই, নেই কোনো দুশমনি কিংবা হিংসা-বিদ্বেষ, আত্মঅহমিকা ও কপটতা। (ইবনে মাজাহ, হাদিস : ৪২১৬)



