মুগ্ধসহ ১১ হত্যা মামলা: ২৬ আসামির বিচার শুরুর আদেশের দিন ধার্য ২০ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবীরা টানা তিন কার্যদিবস শুনানি শেষে মক্কেলদের নির্দোষ দাবি করে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন জানান। শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য সময় চায় প্রসিকিউশন, যার পরিপ্রেক্ষিতে আদালত আদেশের তারিখ নির্ধারণ করেন।

এ দিন সকালে গ্রেপ্তার হওয়া উত্তরা বিভাগের সাবেক এডিসি মির্জা সালাহউদ্দিন ও উত্তরা পূর্ব থানার সাবেক ওসিসহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অন্য ১৮ আসামি পলাতক রয়েছেন, যাদের মধ্যে সাবেক এমপি হাবিব হাসান এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অন্যতম।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন দমনে পরিচালিত নির্বিচার গুলিবর্ষণে বিইউপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জন নিহত ও বহু মানুষ গুরুতর আহত হন। প্রসিকিউশন এসব হত্যাকাণ্ডকে সুপরিকল্পিত ও পদ্ধতিগত মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিযোগে উল্লেখ করেছে।

Related Articles

Back to top button