‘শেখ হাসিনা কোথায় কী বলছেন, জবাব দেওয়ার সময় নেই’


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিষয়ে বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান, যিনি বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আসামি— তিনি কোথায় কী বলছেন, তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
দিল্লিতে এক অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ভারত সরকার সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা পলাতক কোনো আসামির রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না। তবে এই অনলাইন মিটিং বা অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারের অবস্থান কী, সেটি তাদেরকেই পরিষ্কার করতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমাদের নতুন সরকার সব সময়ই বলেছে— পলাতক আসামিরা যদি সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেয় বা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে তা কাম্য নয়। আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হোক।”
শেখ হাসিনার বক্তব্য বন্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগ নিয়ে তিনি জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি বারবার লিখিত ও মৌখিকভাবে পরিষ্কার করা হয়েছে। আশ্রিত বা পলাতক আসামির বিষয়ে অবস্থান পরিষ্কার করার দায়িত্ব ভারত সরকারের।
এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে কিনা— প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এটি দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে, তবে বাংলাদেশ সরকার কিংবা দেশের মানুষ ভারতের সঙ্গে নেতিবাচক সম্পর্ক চায় না। ভারত বিষয়টি মাথায় রেখেই তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্য এক প্রশ্নের জবাবে বাংলাদেশে চীনা প্রভাব নিয়ে ভারতের সংসদীয় কমিটির উদ্বেগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ভারত, চীনসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ, ব্যবসায়িক ও দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত থাকবে।




