প্রতিদিনের অতিরিক্ত চিনি যেভাবে শরীরের ক্ষতি করছে

সকালের চা থেকে শুরু করে কোমল পানীয় বা নানা প্রক্রিয়াজাত খাবারের মাধ্যমে প্রতিদিন অজান্তেই শরীরে ঢুকছে অতিরিক্ত চিনি। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অতিরিক্ত চিনি গ্রহণ শুধু ওজন বাড়ায় না, বরং ডায়াবেটিস, ফ্যাটি লিভার ও হৃদ্রোগের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা জানান, চিনিযুক্ত পানীয় দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায়, যা দীর্ঘমেয়াদে প্রিডায়াবেটিস ও টাইপ-২ ডায়াবেটিসের কারণ হয়। এ ছাড়া অতিরিক্ত ফ্রুক্টোজ যকৃতে চর্বিতে রূপান্তরিত হয়ে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়। তবে ফলের প্রাকৃতিক চিনি আঁশ ও পুষ্টি উপাদানে সমৃদ্ধ হওয়ায় তা ক্ষতির কারণ হয় না, যদিও ফলের জুসে আঁশ কমে যাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে গুড় বা মধুকেও সাদা চিনির মতোই সীমিত ব্যবহারের তাগিদ দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৈনিক মোট ক্যালোরির ৫ থেকে ১০ শতাংশের নিচে চিনি রাখার পরামর্শ দিয়েছে। সুস্থ থাকতে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা, জুসের বদলে আস্ত ফল খাওয়া এবং দৈনন্দিন খাবারে অতিরিক্ত চিনি নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

Related Articles

Back to top button