নীলফামারীতে মোঘল আমলের মসজিদের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা


নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় পাঁচশ বছরের পুরোনো ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জোহরের নামাজের পর মসজিদটির দানবাক্স খুলে টাকা গণনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় এই টাকা গণনা সম্পাদন করা হয়। দানবাক্স থেকে পাওয়া নগদ টাকার পাশাপাশি বিগত ৬ মাসে প্রাপ্ত হাঁস, মুরগি, কবুতর, ছাগল, গরু ও স্বর্ণসহ নানা দানসামগ্রী বিক্রি থেকে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা আয় হয়েছে। দানবাক্সের অর্থ ও দানসামগ্রী বিক্রির টাকা মিলিয়ে মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
চাঁদ খোসাল মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সমস্ত হিসাব গুটিয়ে প্রাপ্ত অর্থ নির্ধারিত ব্যাংকে জমা রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চাঁদ খোসাল মসজিদের সভাপতি মো. আরিফুর রহমান জানান, দানবাক্স থেকে সংগৃহীত এই অর্থ মসজিদের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা রাখা হয়েছে এবং পরবর্তীতে মসজিদের সংস্কার, উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে তা ব্যয় করা হবে।




