খেলতে খেলতে ক্রিকেটারদের চিন্তাধারা

বিনোদন ডেস্ক :স্লো ও লো উইকেটে খেলতে খেলতে ক্রিকেটারদের চিন্তাধারাও কি নিম্নমুখী হয়ে গেছে? তাই যদি না হবে, তবে নাজমুল হোসেনদের চাওয়া বা চিন্তার গণ্ডি ছোট কেন? এই যে তাওহিদ হৃদয় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাহস নিয়ে বলতে পারেননি ভারতের বিপক্ষে ‘ধামাকা’ ক্রিকেট খেলতে চান। ম্যাচ শেষে শান্ত যেমন হতাশ হয়ে বললেন, দেড়শ রানের দল তারা। জানা নেই, কীভাবে ১৮০ রান করতে হয়!
তবে কি বাংলাদেশ দলের বড় ইনিংস খেলতে না পারার কারণ মানসিকতা? বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও তাই মনে করেন। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বুঝতে পারেন না ব্যাটাররা কেন খোলস ছেড়ে বেরোতে পারেন না! এত বছরও কেন নিজস্ব স্টাইল দাঁড় করাতে পারেননি ক্রিকেটাররা, সে প্রশ্ন নান্নুর।
বর্তমান সময়ে আন্তর্জাতিক টি২০তে ১৮০ রানকে পার স্কোর হিসেবে ধরা হয়। উইকেট মোটামুটি ভালো হলে ২০০ রান ছাড়িয়ে যাওয়ার রেকর্ডও ভূরিভূরি। আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দলগুলোও ১৭০-১৮০ রানের ইনিংস খেলে নিয়মিত। বাংলাদেশ সেখানে ১৮ বছরেও নিয়মিত ১৮০ রান করা দল হয়ে উঠতে পারেনি। ১৭৭টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে ২০০ ছাড়ানো ইনিংস মাত্র পাঁচটি। ১৮০ বা বেশি রানের মোট ইনিংস ১৬টি। এই বড় ইনিংসগুলো শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান ও পিএনজির বিপক্ষে। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের বিপক্ষে তারা পারেন না। বিস্তারিত আসছে।


