বেড়েছে ডিমের দাম সবজির বাজারেও অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক :এক সপ্তাহের ব্যবধানে রাজধানী ঢাকার বাইরে প্রায় সব সবজিরই দাম বেড়েছে। মুরগি–ডিম–মাছ–মাংসের বাজারেও বেশ অস্বস্তি। নানা অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। আর ক্ষুব্ধ ক্রেতারা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বরিশাল: বরিশালের বাজারে বেড়েছে ডিম, মুরগি ও সবজির দাম। মুরগির খাবারের দাম বৃদ্ধির অজুহাতে বাজারে প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। গত সপ্তাহের চেয়ে বাজারে ব্রয়লার কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০, সোনালি ২৪০, লেয়ার কেজিতে ২০ টাকা বেড়ে ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এর পাশাপাশি বেড়েছে সবজির দামও। বাজারে কাঁচামরিচ ৩০০ টাকা কেজি, কাকরোল ৬০, টমেটো ১৮০-২০০, গাজর ১৮০, বেগুন ১০০, শশা ৫৫, ঢেঁরশ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাইকারি মাছ বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় আকারভেদে মণ প্রতি ইলিশের দাম ২ হাজার টাকা কমেছে। দেড় কেজি ওজনের ইলিশ ৮০ হাজার, ১২০০ গ্রাম ৭৬ হাজার, ১ কেজি ৭২ হাজার এবং ৭০০ – ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে খুচরা বাজারে ইলিশ বিক্রি হচ্ছে আগের দামেই। দেড় কেজি ২৩০০-২৪০০, ১২০০ গ্রাম ১৯৫০-২০০০, ১ কেজি ১৮০০-১৯০০, ৭০০-৯০০ গ্রাম ১৬৫০-১৭০০, ৫০০-৬০০ গ্রাম ১৩৫০-১৪০০ টাকা এবং একদম ছোট আকারের ইলিশ প্রতি কেজি ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে মুদি বাজারে পেঁয়াজ ৯০-১০০ টাকা কেজি, আলু ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, বাজারে মাছ, মুরগি, সবজি, ডিম সহ সব পণ্যের দাম বেশি। সরকার যদি বাজার নিয়ন্ত্রণ করে তাতে সাধারণ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। ব্যবসায়ীরা বলছেন, তারা বড়তি দামে কিনে আনার কারণে বাড়তি দামে বিক্রি করছেন। তাছাড়া বিভন্ন জায়গায় বন্যা ও বৃষ্টির অজুহাত দিচ্ছেন তারা।
মেহেরপুর: ভারত থেকে আমদানি করার পরও মেহেরপুরের বাজারে কমছে না আলু–পেঁয়াজের দাম। ডিমের দাম রয়েছে ঊর্ধ্বমুখী। আজ শুক্রবার খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দামে। পেঁয়াজ প্রতিকেজি ১১০ থেকে ১২০ টাকা। ১০ টাকা বেড়ে পাইকারি বাজারে ডিম বিক্রি হচ্ছে ৪০০ টাকা খাঁচি। হাত বদল হয়ে খুচড়া বাজারে সেই ডিম বিক্রি হচ্ছে প্রতিটি ১৫ টাকা। আমদানি কম হওয়ার অজুহাতে দাম বেড়েছে সব ধরনের সবজির।
বাজারের এক বিক্রেতা বলেন, বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আসার খবর পাচ্ছি। বামন্দী বাজারে প্রতিকেজি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা দামে বিক্রি হচ্ছে। এটা কেন হয়েছে আমরা জানি না। এটি প্রশাসন যদি তদারিক করে তাহলে এর সুষ্ঠু বিষয় বেরিয়ে আসবে।



