জাহাঙ্গীর বাড়ি গাড়িসহ তাঁর রয়েছে বিপুল সম্পদ

নিজস্ব প্রতিবেদক :সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত কর্মচারী থেকে প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকার মালিক হন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর। বাড়ি–গাড়িসহ তাঁর রয়েছে বিপুল সম্পদ। আলোচিত এই ব্যক্তির বিরুদ্ধে মুদ্রাপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুধা সদনে খাবার পানি সরবরাহের কাজ পেয়েছিলেন জাহাঙ্গীর। এ কারণে অনেকে তাকে ‘পানি জাহাঙ্গীর’ নামে চেনেন। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। এই পরিচয় ব্যবহার করে তিনি আওয়ামী লীগের পদ, চাকরি দেওয়া ও বদলি বাণিজ্য করেন। বাগিয়ে নেন নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ, গড়েন কোটি–কোটি টাকার অবৈধ সম্পদ। এ ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-১ আসন (চাটখিল-সোনাইমুড়ী) থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকার সম্পদ। এর মধ্যে ধানমন্ডিতে ২ হাজার ৩৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট, একটি গাড়ি, বিভিন্ন ব্যবসায় মূলধন ৭৩ লাখ টাকা এবং ব্যাংকে ১ কোটি ১৭ লাখ টাকা রয়েছে। জাহাঙ্গীরের নামে তাঁর এলাকায় ৪ কোটি টাকার কৃষি ও অকৃষি জমি, মোহাম্মদপুর ও নিউমার্কেটে দুটি দোকান, মিরপুরে সাত তলা ভবন ও দুটি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে একতলা ভবন এবং চাটখিলে পৈতৃক ভিটায় চারতলা বাড়ি রয়েছে। এ ছাড়াও তাঁর পরিবারের একটি আটতলা বাড়ি রয়েছে নোয়াখালীর মাইজদীর হরিনারায়ণপুর এলাকায়, যার ১৯টি ফ্ল্যাটের মধ্যে ১৮টি ভাড়া দেওয়া আছে।

সিআইডি জানায়, জাহাঙ্গীরের নগদ ও ব্যাংক হিসাব মিলিয়ে ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৪৩০ টাকা, ডিপিএস ২ লাখ ৭৫ হাজার টাকা, এফডিআর ১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৯৬৮ টাকা এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবের স্থিতি ২৭ লাখ ৯৭ হাজার ৪৫৫ টাকা, ডিপিএস ১৮ লাখ ৭৫ হাজার টাকা এবং অংশীদারি ফার্মে মূলধন ৬ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার তথ্য পাওয়া গেছে। জাহাঙ্গীর এ কে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক এবং হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলেও জানা যায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button