৬৬ জনের সঙ্গে আসামি ঢাবির সাবেক প্রক্টর

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নীলক্ষেত এলাকায় হামলার অভিযোগে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রদল। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফুল ইসলাম এই মামলার আবেদন করেন। আদালত শাহাবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখার সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (বর্তমান কেন্দ্রীয় সভাপতি) আসামি করা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রব্বানীকেও আসামি করা হয়।মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ঢাবি ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলেন। স্যার এ এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আরিফুল ইসলামসহ কয়েকজন আহত হন।



