১৫ বছর পর রাজশাহীতে আজ জামায়াতের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: দীর্ঘ ১৫ বছর পর রাজশাহীতে হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শনিবার (১৮ জানুয়ারি) ঐতিহাসিক মাদরাসা ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগমের আশা প্রকাশ করেছে দলটি।
রাজশাহী জেলা ও মহানগর জামায়াত ইসলামী যৌথভাবে এই কর্মী সম্মেলনের আয়োজন করেছে। শনিবার সকাল ৯টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অন্য নেতারাও।
ইতোমধ্যে কর্মী সম্মেলন সফল করতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাকর্মীরা এসেছেন। শুক্রবার দিবাগত রাতে রাজশাহীতে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কর্মী সম্মেলন ছাড়াও এ দিন দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকেল ৩টায় নারী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে দলটি।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সমাবেশ তো দূরের কথা, একটি সভাও করতে দেয়নি। নানা নাটক সাজিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। নির্যাতন করেছে। দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন সম্মেলন আয়োজন করতে পারছি। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই সম্মেলনে জেলা ও মহানগর থেকে লক্ষাধিক নেতাকর্মী আসবেন। আমিরে জামায়াত তাদের দিক-নির্দেশনা দেবেন।



