খালেদা জিয়ার লন্ডন যাত্রার দিন যানজট নিয়ে বিএনপির দুঃখপ্রকাশ

নিজেস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাওয়ার দিন রাজধানীতে সৃষ্ট যানজটের কারণে দুঃখপ্রকাশ করেছে দলটি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন।
বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন,
দেশবাসী অবগত আছেন যে, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে দেশনেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশবাসীর এটাও স্মরণ আছে যে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের প্রতি আপস না করে, দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে বিগত সরকারের দেওয়া মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে অন্তরীণ ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, কারাগারে থাকাকালীন উন্নত চিকিৎসার অভাবে তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। দেশি ও বিদেশি চিকিৎসকদের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ওনার পরিবার থেকে বারবার আবেদন করা সত্ত্বেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে দেশনেত্রী কারাগার থেকে মুক্তি পান বটে; কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে বিদেশে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।



