ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাট

সুমন:  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক প্রবাসী পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পাশাপাশি পাঁচটি বসতঘরের আলমারি, ফ্রিজ এমনকি কমোডসহ অনান্য মালামাল ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া মোল্যা মার্কেট নামে একটি মার্কেটের দোকানপাট তছনছ করা হয়েছে। লুট করা হয়েছে ৬ লক্ষাধিক টাকার তিনটি গরু।

অবশ্য পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে পেরেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা গ্রেফতার হয়নি কেউ।

জানা গেছে, ভাঙ্গার আলগী ইউপির চরকান্দা গ্রামের শনিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চলে এ তাণ্ডব। এ সময় আতিয়ার রহমান বুলু মোল্যা, তার ভাই প্রবাসী আবু মোল্যা, সিদ্দিক মোল্যা, খোকন মোল্যা ও শাহিন মোল্যার বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়।

স্থানীয় জানা গেছে, চরকান্দা গ্রামের আতিয়ার রহমান বুলু মোল্লা (৭০) ও রব মোল্লা (৭৫) নামে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বুলু মোল্যার ছেলে শামীম মোল্যা (৪২) ও শাহীন মোল্যার (৩৬) ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়। এ সময় বাড়ির মহিলারা ক্ষুব্ধ হয়ে বেরিয়ে এলে অপরপক্ষের সানু বেগম (৬০) নামে একজন নারী আহত হন। এদের মধ্যে আহত শামীমকে ঢাকা পঙ্গু হাসপাতালে, শাহীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও সানু বেগমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুলু মোল্যার চাচাতো ভাই প্রবাসী ওমর আলী মোল্যা বলেন, শুক্রবার ভোরে আমি মালোয়েশিয়া থেকে দেশে আসি। খবর পেয়ে আমার ভাতিজা শামীম ও শাহীন আমাকে দেখতে আসার পথে রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে পুকুরে ফেলে রাখে। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যায় আমাদের পাঁচটি বসতঘরে ব্যাপক ভাঙচুর করে বিভিন্ন মালামাল লুটপাট করা হয়। আমার ভাইয়ের দোকানও ভাঙচুর চালানো হয়।

রোববার বিকেলে ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকার অবস্থা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button