ঢাকা খিলগাঁওয়ে যুবকের পোড়া লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:   রাজধানীর খিলগাঁও এলাকা থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আল-আমিন শিকদার (৩২)। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আল–আমিনের লাশ একটি ফাঁকা প্লটে পড়ে ছিল। তিনি প্লটের পাশে ১০ তলা একটি ভবনের ছাদের চিলেকোঠায় থাকতেন। কক্ষটিতে আগুন লাগার আলামত পাওয়া গেছে। ওই কক্ষের বিছানাসহ অন্যান্য জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। গত সোমবার রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে পুলিশ। তাদের ধারণামতে, প্রাণ বাঁচাতে আল-আমিন ছাদ থেকে লাফ দেন অথবা পড়ে যেতে পারেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন  বলেন, নিহত আল-আমিন বনশ্রী-মেরাদিয়া সড়কের এফ ব্লকের গ্লোরিয়াস টাওয়ারের ব্যবস্থাপক ছিলেন। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরের ৮০ ভাগের বেশি পুড়ে গেছে। তাঁর বাড়ি বরিশালের গৌরনদীতে।

 

Related Articles

Back to top button