জাতীয় নিরাপদ সড়ক দিবসে দুর্ঘটনার সেন্ট্রাল ডাটাবেজ প্রতিষ্ঠার দাবি তরুণদের

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সঠিক পরিসংখ্যান নিরূপণ এবং কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে একটি সমন্বিত জাতীয় সেন্ট্রাল ডাটাবেজ গঠনের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং থেকে পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিআরটিএ, যাত্রী কল্যাণ সমিতি ও রোড সেফটি ফাউন্ডেশনের মতো সরকারি-বেসরকারি সংস্থাগুলোর হিসাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডাটা প্রক্রিয়ায় নিহতের তথ্যে বিশাল ফারাক দেখা যায়। তথ্যের এই অমিলের কারণে কার্যকর ও তথ্যভিত্তিক সড়ক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তরুণ প্রতিনিধিদের মতে, বিআরটিএ, পুলিশ ও হাসপাতালগুলোর সংযোগে একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকলে দুর্ঘটনার সুনির্দিষ্ট স্থান, সময়, সড়কের অবস্থা ও যানবাহনের ধরণ সহজে শনাক্ত করা যাবে। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে নিয়মিত জাতীয় সড়ক নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করা হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত হবে।

আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরামের মারজানা মুনতাহাসহ বাংলাদেশ ডিবেট ফেডারেশন, মিশন গ্রিন বাংলাদেশ, লাল সবুজ সোসাইটি ও বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটিসহ বেশ কয়েকটি যুব সংগঠন সরকারের প্রতি অনতিবিলম্বে এই প্রমাণভিত্তিক ডাটাবেজ চালুর দাবি জানিয়েছে।

Related Articles

Back to top button