জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই

বাংলাদেশের জাতীয় জ্বালানি নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে হাইড্রোকার্বন সহযোগিতা বিষয়ক একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও আলজেরিয়া।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির হাইড্রোকার্বন মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে উভয় দেশের প্রতিনিধিরা জ্বালানি খাতের নানা মাত্রিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনার বিষয়ে বিস্তারিত কথা বলেন। এছাড়া বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামোগত উন্নয়ন, তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের ক্ষেত্রে আলজেরিয়ার কারিগরি সহায়তা এবং দেশের প্রকৌশলী ও টেকনিশিয়ানদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানি মন্ত্রী।

সমঝোতা স্মারক স্বাক্ষরে গভীর সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী বলেন, এই চুক্তি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জিটুজি প্রক্রিয়ার মাধ্যমে বিকল্প আফ্রিকান উৎস থেকে এলএনজি, এলপিজি ও পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল।

Related Articles

Back to top button