নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৯ জন নিহত


নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী ‘আরপি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ভোরে বড়াইগ্রাম এলাকা অতিক্রম করার সময় পাবনাগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে ৯ জন মারা যান। উদ্ধারকর্মীরা আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি কন্যাশিশু রয়েছে। বাকি মৃত ব্যক্তিরা চালক ও হেলপারসহ সকলেই পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি, তবে শনাক্তকরণের কাজ চলছে।
ঘটনার পর নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে বর্তমানে নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের চিকিৎসার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




