কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে একটি ঘাতক ট্রাকের চাপায় ইজিবাইকের একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রৌমারী টেকনিক্যাল কলেজের প্রভাষক ও শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (২৬), তাঁর ১২ বছর বয়সী ছেলে রিশাদ এবং ৭ বছরের মেয়ে তুবা। এ দুর্ঘটনায় নিহত অপর দুজন হলেন—যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং জামালপুরের কাউনিয়ার চর এলাকার এক ইজিবাইক চালক (তাঁনিক নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি)।

এ ঘটনায় বাদলের মেয়ে বৃষ্টি মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো (রেফার) হয়েছে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে এবং ঘটনার সার্বিক তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button