পরীমণির সুখের রহস্য কী?


তারকাদের ব্যস্ত ঝলমলে জীবনের অন্তরালে দিনশেষে প্রকৃত প্রশান্তির ঠিকানা কোথায়—চিত্রনায়িকা পরীমনির একটি সাম্প্রতিক ফেসবুক পোস্ট যেন তারই এক সুন্দর উত্তর দিল।
খোলা আকাশের নিচে কাশফুলের নরম ঘাসে ঢাকা পরিবেশে সন্তানদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন—‘মাই হ্যাপিনেস’ (আমার সুখ)।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত ছবিগুলোতে ফুরফুরে মেজাজে দেখা গেছে পরীমনিকে। মূলত দুই সন্তান শাহীম মোহাম্মদ পুণ্য এবং সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে কাশবনে সময় কাটাতেই ছুটে গিয়েছিলেন এই চিত্রনায়িকা। শরতের স্নিগ্ধতা আর প্রকৃতির মাঝে কাটানো এই আনন্দঘন মুহূর্তগুলোকেই তিনি তার জীবনের পরম সুখ বলে আখ্যায়িত করেছেন।
ব্যক্তিজীবনে বিভিন্ন চড়াই-উতরাই ও শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে একা হাতে লালন-পালন করছেন পরীমনি। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং জীবনের ছোট ছোট আনন্দে বেঁচে থাকার মাধ্যমেই মূলত নিজের সুখের পৃথিবী গড়ে নিয়েছেন এই তারকা।




