হুথি হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের ৬০ শতাংশ ফ্লাইট বাতিল

পরপর দুই দিন হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৬০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘কিরিয়াম’-এর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, রোববার হুথিদের হামলার পর সেদিন নির্ধারিত (শিডিউলড) ফ্লাইটগুলোর প্রায় ৯৯.৭ শতাংশ বাতিল করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় পরদিন সোমবারও ৬০ শতাংশ ফ্লাইট বাতিল রাখা হয়।

কিং খালেদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হন। পরবর্তীতে রোববারের হামলায় আরও ১ জন নিহত এবং ১১ জন আহত হন।

একই দিনে সৌদির দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে হুথি বাহিনী। তবে সেই হামলার ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করেনি সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জানান, আগামী দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরও তীব্র হামলা চালানো হবে। একই সঙ্গে বিমান পরিষেবা সংস্থা, কর্মী ও যাত্রীদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Related Articles

Back to top button