গুলশান সোসাইটিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩


রাজধানীর গুলশান সোসাইটি অফিসে ঢুকে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, অনধিকার প্রবেশ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যাদেশের ভিত্তিতে পরিচালিত গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে এই চাঁদাবাজির চেষ্টা চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে মাহাবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে একদল ব্যক্তি গুলশান সোসাইটির কর্মীদের হুমকি দিয়ে আসছিল। তারা ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
এর ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর কয়েকজন সশস্ত্র ব্যক্তি গুলশান সোসাইটি অফিসে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ও গালিগালাজ করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শনিবার খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




