ওয়ালটনের সোলার ইকো-সিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী


দেশে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য সৌরবিদ্যুৎনির্ভর প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে প্রসারের লক্ষ্যে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সোলার ইকো-সিস্টেমের শুভ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে আজ একটি গুণগত ও যুগান্তকারী পরিবর্তন সাধিত হতে যাচ্ছে। ঐতিহ্যগতভাবে আমরা ফুয়েল অয়েল ও গ্যাসহ অন্যান্য আমদানিনির্ভর জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আসছি, যার ফলে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। বিশ্ববাজারে জ্বালানির চরম ঊর্ধ্বগতির ফলে পরনির্ভরশীলতা কমানো জরুরি হয়ে পড়েছে। ওয়ালটনের এই উদ্যোগের মাধ্যমে কম খরচে জনগণের কাছে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে। আগামী ১-২ বছরের মধ্যে সোলারের মাধ্যমে বিশাল অঙ্কের বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় চাহিদা মেটানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, সোলার ইকো-সিস্টেমের মাধ্যমে শুধু বাতি নয়, বরং ফ্রিজ, ওয়াশিং মেশিন ও কুকারসহ গৃহস্থালির প্রায় সব ভারী ইলেকট্রনিক্স পণ্য চালানো সম্ভব। প্রধানমন্ত্রী ইতোমধ্যে রুফটপ সোলারের ওপর বিশেষ ইনসেনটিভ ও নেট মিটারিংয়ের মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির সুযোগ করে দিয়েছেন।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, শিল্পায়ন ও কর্মসংস্থানের মূল ভিত্তি হলো জ্বালানি সক্ষমতা। ওয়ালটন এমন একটি পূর্ণাঙ্গ সোলার ব্যবস্থা তৈরি করেছে যার মাধ্যমে আমাদের উৎপাদিত প্রায় সব গৃহস্থালি পণ্য অনায়াসে চালানো সম্ভব। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী নিজে তাঁর বাসভবনের ছাদে ওয়ালটনের সোলার প্যানেল ব্যবহার করছেন, যা তাঁদের পণ্যের প্রতি সর্বোচ্চ আস্থার প্রমাণ। বর্তমানে ওয়ালটনের নিজস্ব কারখানার সব ছাদ ও জলাশয়ের ওপর ভাসমান সোলার স্থাপন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ওয়ালটনের নতুন উন্মোচিত সোলার ইকো-সিস্টেমে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন সোলার ইনভার্টার, সোলার প্যানেল, এনার্জি স্টোরেজ ব্যাটারি ও বিশেষ সোলার কেবল। এছাড়া অনুষ্ঠানে সৌরবিদ্যুৎনির্ভর হাইব্রিড এসি, চার দরজার ইনভার্টার ফ্রিজ, ওয়াশিং মেশিন, বিএলডিসি সিলিং ফ্যান, স্ট্রিট লাইট, এলইডি বাল্ব ও ইলেকট্রিক কুকার প্রদর্শন করা হয়।




