রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেওয়ালে অঙ্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে তিনি চুনকালি মাখান। ঘটনার পরপরই শাহবাগ থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. খোকন মিয়া জানান, শিল্পকলা একাডেমির সামনে দেয়ালচিত্র বিকৃত করার অভিযোগে আয়াস নামের ওই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে এই বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচা এলাকার ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফুটপাত পরিষ্কার করার পর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে সংশ্লিষ্ট দেওয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখা ১০ জন বিশিষ্ট গুণী ব্যক্তিত্বের চোখঝলসানো প্রতিকৃতি ও গ্রাফিতি আঁকা হয়েছিল।

Related Articles

Back to top button