হলিউড তারকাদের সম্মাননা অনুষ্ঠানে গাইবেন পপ সেনসেশন টেইলর সুইফট


মেলোডি আর রুপালি পর্দার জাদুকরী আবেশে মুখরিত হতে চলেছে হলিউড। বিশ্বসংগীতের জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবার সুরের জাদু ছড়াতে আসছেন লস অ্যাঞ্জেলেসে।
আগামী ১৭ অক্টোবর অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ষষ্ঠ বার্ষিক ‘অ্যাকাডেমি মিউজিয়াম গ্যালা’র মঞ্চে গান পরিবেশন করবেন তিনি। বিশ্ব চলচ্চিত্রের তিন উজ্জ্বল নক্ষত্রকে সম্মান জানাতে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপনী পরিবেশনাটি উপস্থাপন করবেন এই মার্কিন গায়িকা।
একাডেমি মিউজিয়াম কর্তৃপক্ষের গত বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, এবারের আয়োজনে সংবর্ধনা জানানো হবে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সুরকার জন কার্পেন্টার, অস্কারমনোনীত অভিনেতা কোলম্যান ডমিঙ্গো এবং অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরনকে।
টেইলর সুইফটের এই অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পীকে তাদের আসরে স্বাগত জানাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। সিনেমা শিল্পকে উদযাপন ও সংরক্ষণের এই বিশেষ সন্ধ্যার মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন টেইলর সুইফট।




